আমরা ঈশ্বরকে খুঁজতে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াই, কিন্তু সত্যি কি তিনি কেবল পাথরের প্রতিমায় থাকেন? আমার এই নতুন কবিতা "হৃদয় মন্দির"-এ আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে, যদি আমরা ভালোবেসে ব্যাকুল হয়ে ডাকতে পারি, তবে সেই জগজ্জননীকে আমাদের হৃদয়ের ভেতরেই খুঁজে পাওয়া সম্ভব। দীপাবলির এই পুণ্য লগ্নে প্রকাশিত আমার এই ক্ষুদ্র ভাবনা আজ আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম।
হৃদয় মন্দির
– সৈকত প্রসাদ রায় (রানাঘাট, নদীয়া)
ভক্তি ভরে ডাকোরে মন পাবে মায়ের স্নেহধারা,
নাহলে বৃথাই ঘুরবে মন্দিরে পাবে না মায়ের সাড়া।
মন্দিরে মা থাকেন আবার থাকেন ও না তিনি,
ব্যাকুল হয়ে ডাকলে সাড়া দেন জগজ্জননী।
যেমন শিশু কাঁদে ব্যাকুল হয়ে যেতে চেয়ে মায়ের কোলে,
তেমনি ডাকো আকুল হয়ে বসে মায়ের পদতলে।
মা মা রবে হৃদয় ভরো নয়নে ঝরুক অশ্রুধারা,
তবেই পাবে মায়ের আশীষ মিলবে মায়ের সাড়া।
নাহলে শুধু পাথর দেখবে প্রতিমার ওই রূপে,
মা তো থাকেন সকল প্রাণের মাঝে গভীর অনুভবে।
ডাকো তাকে ভালোবেসে তিনি আছেন সকল খানেই,
মন্দিরে নয় মায়ের আসন পাতা তোমার হৃদয় মাঝেই।
---
প্রকাশনা সৌজন্য: শিবশক্তি সাহিত্য পত্রিকা (দীপাবলি ১৪৩২)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন